ফরিদগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি সড়কের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীসূত্র জানায়, ১ নং ইটের কংক্রিট দেওয়ার কথা থাকলেও ঠিকাদার তা মেনে চলছে না। ভিটি বালি দেওয়ার কথা থাকলেও তা সঠিকভাবে মানা হচ্ছে না। রাস্তার এজিং ইটাগুলো সঠিকভাবে বসানো হচ্ছে না। ফলে সড়কগুলো নির্মাণের অল্প কয়েকদিনের মধ্যেই কংক্রিট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। পৌরসভার প্রকৌশল বিভাগ সড়কের কাজগুলো সঠিকভাবে তদারকি না করার অভিযোগ রয়েছে।
পৌর প্রকৌশল বিভাগসূত্রে জানা যায়, ১ নং ওয়ার্ডের উত্তর কেরোয়া-লামচর সড়কের ৭০০ মিটার কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ২৭ লাখ টাকায়, দক্ষিণ কেরোয়া মিজি বাড়ি সড়ক ৫শ ২০ মিটার কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান হাইটেক এন্টারপ্রাইজ ২১ লাখ টাকায়, মিরপুর-কেরোয়া সড়ক ৭০০ মিটার কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান ২৮ লাখ টাকায়, হকের মাদ্রাসা সড়ক ১শ ৮০ মিটার দুই লাখ ৫০ হাজার টাকায় নির্মাণ করে চলছে। কাজের গুণগতমান রক্ষার বিষয়ে ঠিকাদার মশিউর রহমান মিঠু জানান, আমরা নির্মাণ সামগ্রীর টেস্ট রিপোর্ট নিয়েই কাজ করে চলছি। পৌর মেয়র মো. মাহফুজুল হক জানান, কাজের মান সঠিক রেখে কাজ করার জন্য বলা হয়েছে। তা ছাড়া এলাকাবাসীকে বলা হয়েছে কাজ মানসম্মত হওয়ার দিকে লক্ষ্য রাখতে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
