প্রতি বছরই সেপ্টেম্বর মাসে বড়োসড় অনুষ্ঠান আয়োজন করে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। কিন্তু এ বছর এখনো পর্যন্ত নতুন আইফোন উন্মোচনের অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মার্কিন প্রতিষ্ঠানটি। ফলে চলতি বছর কবে কখন আইফোন ৭ উন্মোচন করা হবে তা নিশ্চিত করে বলার জো নেই। কিন্তু তাতে কি আর এ সংক্রান্ত তথ্য ফাঁস থেমে থাকে? মোটেই না। নতুন করে ফাঁস হওয়া তথ্য বলছে, চলতি বছরও সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। তবে সেটা ওই মাসের তৃতীয় সপ্তাহে।
এই টাইম-ফ্রেমের তথ্য ফাঁস করেছেন ইভান ব্লাস। বিভিন্ন প্রযুক্তিপণ্যের খবর আগেভাগে ফাঁস করে প্রযুক্তিবিশ্বে বেশ নাম কুড়িয়েছেন তিনি। এক টুইটে এই তথ্য ফাঁসকারী জানিয়েছেন, আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস উন্মোচন করা হয় ৯ সেপ্টেম্বর। আর আইফোন ৭ উন্মোচন করা হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে, বিশেষ করে ১২ সেপ্টেম্বর যে সপ্তাহে পরবে সেই সপ্তাহে।
সাম্প্রতিক কানাঘুষার তথ্যে প্রকাশ, তিনটি মডেলে বাজারে আসবে নতুন আইফোন। মডেল তিনটি হলো আইফোন ৭, আইফোন ৭ প্লাস ও আইফোন ৭ প্রো।
তবে কিছু দিন আগেও কানাঘুষা ছিলো, দুটি মডেলে মডেলে বাজারে আসবে নতুন আইফোন। নতুন প্রসেসর যোগ হবে মডেল দুটিতে। দুটিতেই দেওয়া হবে অ্যাপেল ১০ প্রসেসর।
র্যাম-এর দৌড়ে এবার অন্য অনেক ফোনকে টক্কর দেবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। আইফোন ৭-এ দেওয়া হবে ২ জিবি র্যাম। আর আইফোন ৭ প্লাস-এ দেওয়া হবে ৪ জিবি র্যাম।
আইএফান ৭-এ ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল। আইফোন ৭ প্লাস-এ ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
দুটি আইফোন মডেলের একটির স্ক্রিনের সাইজ হবে ৫.৫ ইঞ্চি। অন্যটির সাইজ হবে ৪.৭ ইঞ্চি। আর স্ক্রিন দুটি হবে থ্রিডি টাচের।
দুটি মডেলেই অনবোর্ড মেমরি করা হয়েছে ৩২ জিবি। দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে নতুন আইওএস। ব্যবহার করা হয়েছে আইওএস ১০।
ব্যাটারির ব্যাপারে বরাবরই বদনাম আইফোনের। এবার এই দুটি মডেলে দেওয়া হচ্ছে ৩০০০ ও ৪০০০ এমএএইচ ব্যাটারি।
