দেশে উদ্ভাবনীমূলক ও আন্তর্জাতিক মানের উদ্যোগ তৈরির লক্ষ্যে এবং বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে এসব উদ্যোগকে নিয়ে যেতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতা ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’এর শীর্ষ ১০ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ধানমণ্ডির মাইডাস সেন্টারে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার ‘গ্রোথ স্টেজ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫ টি উদ্যোগ ও ‘আইডিয়া স্টেজ’ ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫টি উদ্যোগ বিচারকদের সামনে তুলে ধরা হয়।
আয়োজক প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক কমিটি প্রতিটি উদ্যোগ দেখেন ও বিবেচনা করেন। এই বিবেচনা থেকেই তারা অংশগ্রহণ করা উদ্যোগগুলো থেকে চূড়ান্ত ১০ উদ্যোগ নির্বাচন করার প্রক্রিয়ায় রয়েছেন।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ ও তাদের পুরস্কৃত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
প্রতিযোগিতার বিজয়ীরা বাংলালিংকের সহযোগিতায় জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে ডিজিটাল ইনকিউবেটরের সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাবে। নির্বাচিত আরো অর্ধশত উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিবিউটরের বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্দ নিতে পারবে। এছাড়া উচ্চগতির ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, গ্যাপ এবং কিজকি।
