ময়মনসিংহের গৌরীপুরে তিন পা ওয়ালা একটি বাছুর জন্ম নিয়েছে। উপজেলা পালান্দর গ্রামের কৃষক কসুম উদ্দিনের একটি গাভি গত ১০ জুলাই এই বাছুরটি প্রসব করে।
জানা গেছে, বাছুরটির পেছনে দুটি ও সামনে একটি পা। এতে করে বাছুরটি স্বাভাবিক চলাফেরা করতে পারে না। বাছুরটি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। প্রতিদিনই সন্ধ্যায় বাছুরটিকে কোলে করে গোয়াল ঘরে নিতে হয় এবং সকালবেলা কোলে করে বের করতে হয়। এদিকে তিন পা ওয়ালা বাছুরটিকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে কসুম উদ্দিনের বাড়িতে।
কসুম উদ্দিন বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে এই গাভিটি পরপর দুইবার সুস্থ বাচ্চা প্রসব করে। তৃতীয় বার গাভিটি যখন গরম হয় তখন এই গাভির গর্ভে জন্ম নেয়া (প্রথম বাচ্চা) ষাঁড় দিয়ে প্রজনন করাই। গর্ভধারণের প্রায় ১০ মাস পর গাভিটি তিন পা ওয়ালা একটি বাছুর প্রসব করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাঈদ বলেন, অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিভিন্ন বৈজ্ঞানিক কারণ রয়েছে। তবে এই তিন পা ওয়ালা বাছুরটি আন্তঃপ্রজননের কারণে হয়েছে।
