সারাজীবন ফুটবলেই থাকতে চান ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি। ফুটবল মাঠ থেকে অবসর নিলেও কোচ হওয়ার স্বপ্ন দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক।
আর লক্ষ্য পূরণে কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতীর্থ অ্যাশলি ইয়াংয়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে রুনি বলেন, ‘খেলোয়াড়ী জীবন শেষে আমি কোচ হতে চাই। গোটা জীবনই তো ফুটবলে কাটিয়েছি। বর্তমানে কোচিং ব্যাজ গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছি। আমি আশাবাদী, অবসরের পর তা সম্পন্ন করতে পারবো।’
২০০২ সালে এভারটনের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে রুনির। দু’বছর পর যোগ দেন ম্যানইউতে। এখন ক্লাব ক্যারিয়ারের ৬০০ ম্যাচের দ্বারপ্রান্তে তিনি। ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে চান রুনি। বুটজোড়া তুলে নেওয়ার পর ভক্তদের কাছে কোচিং মিশনে নামার ইচ্ছাই ব্যক্ত করেছেন।
