নৈরাজ্য সৃষ্টির চেষ্টা মানুষ বরদাশত করবে না: হানিফ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৯:৩৭
 
তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া রায় রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুমকির জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করার নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ বরদাশত করবে না। এই অপরাধীর পক্ষে মাঠে নেমে নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ নেই আপনাদের।
 
সোমবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান, নগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।
 

‘সরকার দেশকে ধ্বংস করে দিচ্ছে’ -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, ধ্বংস বাংলাদেশ হচ্ছে না। আপনার জঙ্গিবাজ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দূর্নীতিবাজ পুত্রর কারণে আপনার দল ধ্বংস হচ্ছে। আপনারা ভেবেছেন সন্ত্রাসী কার্যক্রম চালালে সরকারের পতন ঘটবে। ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। শেখ হাসিনা পাশে বাংলাদেশের মানুষ আছে। যতদিন শেখ হাসিনার পাশে বাংলাদেশের মানুষ থাকবে ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে।