জাতীয় ঐক্য নয়, বিএনপি এখন বিশ্বচোরকে বাঁচাতে ব্যস্ত : হাছান মাহমুদ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৯:৪৮
বিএনপি যে জাতীয় ঐক্যের কথা, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিল তা ভুলে গিয়ে  তারেক রহমানকে বাঁচাতে বিএনপি এখন সরকার হটানোরও হুমকি প্রদান করছে বলে মন্তব্য করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ।
 
তিনি বলেন, তার দুর্নীতি বিরুদ্ধে এফবিআই দেশে এসে সাক্ষ্য দিয়েছে।যা দেশের ইতিহাসে প্রথম কারোর দুর্নীতি সম্পর্কে এফবিআই তথ্য দিয়ে গেছে। বিএনপি নেত্রীর পুত্র তারেক রহমান চুরি করাকে আন্তর্জাতিকীকরণ করেছেন। দুর্নীতির এই বরপুত্রকে যখন উচ্চ আদালত দুর্নীতির দায়ে সাজা দিল তখন বিএনপি তাকে বাঁচাতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো।
 
সোমবার সকালে প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে  বলেছেন এ মন্তব্য করেন হাছান মাহমুদ।
 
তিনি বলেন, তারেক রহমান শুধু যে বিশ্বচোর তা নয়।তার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ আছে।তদন্তে বেরিয়ে এসেছে সেদিন গুলশানের ঘটনার সময় তারেক জিয়া দেশে ৪৫টি ফোন করেছিল।যে ব্যক্তির সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ তাকে বিএনপি দলের সিনিয়র মহাসচিব বানিয়েছে।এমন ব্যক্তি যে দলের শীর্ষনেতা সে দল যখন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলে তখন তা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না।
 
জঙ্গিদের জামাত-শিবিরের প্রেতাত্মা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,আগে যারা মানুষের হাতে পায়ের রগ কাটতো তারাই এখন মানুষের গলায় ছুরি চালাচ্ছে।যে সব জঙ্গি ধরা পড়েছে তাদের স্বীকারোক্তিমূলক বক্তব্যে বেরিয়ে এসেছে তাদেরকে যারা এ পথে এনেছে,যাদের কাছে তারা ট্রেনিং নিয়েছে তাদের বেশিরভাগই অতীতে জামাত-শিবির করতো।যাদেরকে আঁচলের তলায় আশ্রয় দিয়েছেন বিএনপি নেত্রী।
 
হাছান মাহমুদ তার বক্তব্যে আরো বলেন,ইতিমধ্যেই এসব জঙ্গি হামলার মদদদাতারা চিহ্নিত হয়েছে।এ গোষ্ঠীটিই দেশে গুপ্তহত্যার সাথে জড়িত।আশা করি আইনশৃঙ্খলা বাহিনী অচিরেই তাদের গ্রেফতার করতে পারবে।যারা এসব হত্যাকান্ডের অর্থযোগানদাতা তাদেরও চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে।
 
ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টূকূ, আসাদুজ্জামান দুর্জয়, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।