নিউজিল্যান্ডে সামরিক ধাঁচের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হচ্ছে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:৫৯

১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইন পার্লামেন্টে উত্থাপন করা হবে

বিবিসি ও রয়টার্স

সামরিক ধাঁচের আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন এ পদক্ষেপের কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুইটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল।

ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৪২ জন। হামলার পর নিউজিল্যান্ডের অস্ত্র আইন সংশোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, আগামী ১১ এপ্রিলের মধ্যে নতুন অস্ত্র আইন পার্লামেন্টে উত্থাপন করা হবে। তিনি বলেন, ‘১৫ মার্চ (হামলার দিন) আমাদের ইতিহাস চিরদিনের মতো বদলে গেছে। এখন আমাদের আইনও বদলে যাবে।’

আর্ডেন বলেন, ‘হামলার ছয় দিনের মাথায় আমরা নিউজিল্যান্ডে সব ধরনের সামরিক ধাঁচের সেমি-অটোমেটিক ও অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছি।’ তিনি জানান, সব ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ বিষয়ে দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ বলেন, ‘আমি স্মরণ করিয়ে দিতে চাই, নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানা বিশেষ এক ধরনের সুবিধা, এটা কোনও অধিকার নয়।’

আর্ডেন আরো জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করা অস্ত্রের জন্য একটি বাই-ব্যাক স্কিম চালু করা হবে এবং সেটি করা হবে যাতে করে আইনটি চালুর আগে এ ধরনের অস্ত্র কেনার জন্য হিড়িক না পড়ে। আর্ডেন বলেন, ‘কর্মকর্তারা ধারণা করছেন, বাই-ব্যাক স্কিমের ব্যয় যেকোনো স্থানে ১০০ মিলিয়ন ডলার থেকে ২০০ মিলিয়ন ডলারের মধ্যে হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজের মানুষের নিরাপত্তার জন্য আমরা এই মূল্য অবশ্যই পরিশোধ করবো।’

পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। আর হামলার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। হামলার ঘটনায় দেশটির পুলিশ বন্দুকধারী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন টারান্টকে (২৮) গ্রেপ্তার করে। গত শনিবার তাকে আদালতে হাজির করা হয়। এদিনই তাকে রিমান্ডে নেয় পুলিশ। হত্যা ছাড়াও টারান্টের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। টারান্ট ২০১৭ সালে নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন।