গত সোমবার ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার। দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, খ্যাতনামা ভাষ্যকার ও সাবেক পার্লামেন্ট সদস্য নাজলি ইলিকাকও এ তালিকার মধ্যে রয়েছে। দেশটিতে সরকার উত্খাত অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর সপ্তাহ জুড়ে ব্যাপক ধড়-পাকড় চলে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি সেনা, পুলিশ, বিচারক, শিক্ষক, সরকারি আমলা এবং অন্যান্য আরো অনেক ব্যক্তিকে চাকরি থেকে ছাঁটাই এবং আটক করা হয়েছে। এখন সর্বশেষ সাংবাদিকদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হলো। ব্যর্থ ক্যু প্রচেষ্টায় জড়িত থাকায় ইতোমধ্যে ১৩ হাজার লোককে জেল দেওয়া হয়েছে। প্রায় ৬ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
শিক্ষা মন্ত্রণালয়সহ প্রায় ৩৭ হাজার ৫শ’ সরকারি আমলা ও পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্কুল, দাতব্য প্রতিষ্ঠান, ইউনিয়ন এবং মেডিক্যাল সেন্টারসহ মোট ২ হাজার ৩শ’ ৪১টি প্রতিষ্ঠান বন্ধের ডিক্রি জারি করা হয়েছে।
