বিবিসি ও এএফপি
নিকারাগুয়ায় সব বিরোধী দলীয় বন্দিদের ৯০ দিনের মধ্যে মুক্তি দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। বিরোধী দলের সঙ্গে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংলাপে মধ্যস্থতাকারী এক ব্যক্তি একথা জানিয়েছেন।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বিশেষ দূত লুইস অ্যাঞ্জেল রোসাডিলা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার ‘বিক্ষোভকালে আটক সকল বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।’ নিকারাগুয়ায় গত ১১ মাস ধরে রাজনৈতিক সংকট চলছে। গত বছরের এপ্রিল মাসে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এটাকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতায় ৩২৫ জন নিহত হন ও ৭০০ লোককে আটক করা হয়। আটককৃতদের মুক্তি ও নতুন করে আলোচনা শুরু করার চুক্তিতে ওর্তেগা সরকারের বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
