হিলারি ক্লিনটনেকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে হবে বলে মন্তব্য করেছেন তার সাবেক প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এদিকে রবিবার থেকেই হিলারি ও সাবেক ডেমোক্রেট প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন স্যান্ডার্সের সমর্থকরা। উইকিলিকসের ফাঁস হওয়া ই-মেইল তথ্যে দেখা গেছে, ডেমোক্রেটিক দলের নেতারা প্রাথমিক প্রার্থী নির্বাচনের লড়াইয়ে স্যান্ডার্সের পরিবর্তে হিলারির প্রতি সহানুভূতি দেখিয়েছেন। শুধু তাই নয়, তারা স্যান্ডার্সকে নিয়ে বিদ্রূপ ও সমালোচনা করেছেন। এ ঘটনায় রবিবার দলের প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগও করেছেন।
এদিকে ৫ হাজারের বেশি ডেলিগেট এবং ৫০ হাজারের বেশি মানুষকে নিয়ে সোমবারের শুরু হয়েছে ডেমোক্রেট সম্মেলন। এই সম্মেলনে নিজের বক্তব্যে স্যান্ডার্স বলেন, 'আমাদের একত্রিত করতে পারবে এবং দেশকে শক্তিশালী করতে পারবে এমন একজন নেতা দরকার। এমন নেতৃত্ব চাই না, যে ল্যাটিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রূপ করবেন।' বিবিসি।
