শাস্তি পেল মেরিনার্স ইয়াং

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৩৩
প্রথমবারেরমত প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরও শাস্তি পেতে হলো মেরিনার ইয়াংস ক্লাবকে। গত ১ জুলাই গ্রিন ডেল্টা হকি লিগের শেষ ম্যাচটি ছিল শিরোপা নির্ধারণী ম্যাচে হকি ফেডারেশনের ভিআইপি কক্ষ ভাংচুর করেছিল মেরিনার ইয়াংসের কয়েকজন কর্মকর্তা এবং বেশ কিছু উগ্র সমর্থক।
 
সেই অপরাধেরই শাস্তি পেতেই হলো মেরিনার ইয়াংস ক্লাবকে। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় ওই ঘটনার জন্য মেরিনার্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর সভা শেষে বলেন, ‘ওই ঘটনার জন্য মেরিনার্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবটির সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানাকে এক মৌসুমের জন্য হকির সব ধরনের কার্যক্রম থেকে এবং মওলানা ভাসানী স্টেডিয়ামের ভিআইপি কক্ষে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।’ জরিমানার টাকা আগামী এক মাসের মধ্যেই পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে স্টেডিয়ামের ভিআইপি বক্সে ভাঙচুরের ঘটনায় গত ২৩জুলাই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছিল মেরিনার।