নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত শিক্ষা :স্পিকার
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নের সঙ্গে শিক্ষার নিবিড় সম্পর্ক রয়েছে। নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত শিক্ষা। নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নারীরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদায় ব্রতী হয়ে অভীষ্ট লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে হলিক্রস কলেজ অডিটোরিয়ামে সিস্টার অগাস্টিন ম্যারি হলে গুণিজন সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে হলিক্রস কলেজের কৃতী ৪ সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া সাবেক শিক্ষার্থীরা হলেন টানা তৃতীয়বারের মতো নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন হলিক্রস কলেজের ছাত্রীরা।
আইএমএফের আবাসিক প্রতিনিধির সাক্ষাত্
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা আগামী ২৬-২৭ মার্চ দিল্লিতে অনুষ্ঠেয় মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন।
