রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গি আস্তানার খোঁজে বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে এ অভিযান শুরু হয়। তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার সকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, গোপন সংবাদে সম্ভাব্য এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানান, মোহাম্মদপুর লোহারগেট এলাকা ও নবদা হাউজিং ঘিরে তল্লাশি করা হয়, যা ভোর পর্যন্ত চলে। এ ছাড়া আরো পাঁচ থেকে ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এগুলো বিভিন্ন ছাত্রাবাস ও মেস। মূলত জঙ্গি ধরতে এ অভিযান চলে। পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ অভিযানে অংশ নেয়।
