ইত্তেফাক রিপোর্ট
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বড় শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা যেতে পারে। একইসঙ্গে যানজট কমাতে কার্যকর সমাধান আসতে পারে বলে জানিয়েছেন জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক নাওহিরো কিতানো। তার মতে, ভূমি ব্যবহারের পরিকল্পনা, পরিবহন পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারে শহরগুলো আরো পরিচ্ছন্ন চেহারা পেতে পারে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাপানের বিভিন্ন কানেকটিভিটি উদ্যোগ বিশেষ করে বঙ্গোপসাগরীয় শিল্পোন্নয়ন বেল্ট এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য পরিবহন ব্যবস্থা উন্নয়নের ওপর জোর দেন। এছাড়া তিনি বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও শিক্ষা বিনিময় প্রভৃতি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র তুলে ধরেন। ‘বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য সংযোগ’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করে বিআইআইএসএস ও ঢাকার জাপান দূতাবাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান ও ঢাকার জাপান দূতাবাসের মিনিস্টার তাকেশি ইতো।
