বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও মতের যারা নেতৃত্বে আছেন, সুশীল সমাজ-তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা তাদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় সভা কক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর দক্ষিণের উদ্যোগে ‘উচ্চ আদালতে তারেক রহমান ন্যায় বিচার পাননি’ শীর্ষক এই প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা তাদের অবস্থান থেকে অথবা তারা একটা বড় প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জঙ্গিবাদকে একটি ব্যাধি। একে রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি ‘জাতীয় ঐক্য’ গড়ার আহ্বান জানায়।
জাসাস মহানগর দক্ষিণের সহসভাপতি গিয়াসউদ্দিন টমাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক বক্তব্য দেন।
