রিয়ালের চেয়ে বার্সাই আমার সঙ্গে বেশি মানানসই: গোমেজ

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২১:২৩
রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির নতুন খেলোয়াড় আন্দ্রে গোমেজ। পর্তুগালের এই মিডফিল্ডারকে পেতে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালও বেশ আগ্রহী ছিল। 
 
 
তবে রিয়ালকে টেক্কা দিয়ে আপাতত ৩ কোটি ৫০ লাখ ইউরোতে গোমেজকে দলে ভেড়ায় বার্সেলোনা, যে অঙ্কাটা বেড়ে ৭ কোটি ইউরোও হতে পারে। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে বুধবার সই করেন গোমেজ। ভ্যালেন্সিয়া থেকে ক্যাম্প ন্যু ক্লাবটিতে নাম লেখানো এই মিডফিল্ডার লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছেন। আমি কৃতজ্ঞ যে বার্সেলোনা আমাকে এই সুযোগ দিয়েছে। এটা একটা স্বপ্ন। বার্সেলোনার অংশ হয়ে আমি আনন্দিত এবং এখন আমি এখানে উপভোগ করতে চাই আর এই ক্লাবের হয়ে অনেক শিরোপা জিততে চাই। ব্যক্তিগতভাবে আমি রিয়ালের চেয়ে বার্সেলোনাকে পছন্দ করি কারণ, ক্লাবটি আমার খেলার ধরন আর ব্যক্তিত্বের সঙ্গে যায়।
 
পর্তুগালের হয়ে ইউরো জেতা ২২ বছর বয়সী গোমেজকে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পেতে বেশ লড়াই করতে হবে। তবে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। বার্সেলোনার মাঝমাঠে অনেক খেলোয়াড় আছে এবং তারা সবাই অসাধারণ। কিন্তু আমি উন্নতি করতে আর শিখে যেতে চাই। আমার বয়স মাত্র ২২, প্রায় ২৩ এবং মানিয়ে নেওয়ার আর একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করার সময় আছে আমার। আমি কঠোর পরিশ্রম করতে আর সর্বস্ব উজাড় করে দিতে চাই।
 
জাতীয় দলে তিন বারের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলেন গোমেজ। আর এখন বার্সেলোনায় তার সতীর্থ পাঁচবারের বর্ষসেরা মেসি। দুজনকেই প্রশংসায় ভাসান গোমেজ। মেসি আর রোনালদোর দুজনেই অসাধারণ। তাদের সঙ্গে খেলাটা সম্মানের। তাদের দুজনেরই নিজস্ব ধরন আছে। আমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসি আর বার্সেলোনা। কারণ, আমি এখন জাতীয় দলের সঙ্গে নেই। গোল.কম।