বিড়াল হত্যা করে সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করায় মেহেজাবিন নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে মামলাও হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। পুলিশ বলছে, ওই তরুণী একটি বিড়ালকে চার টুকরো করে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে। মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেয়ার ফর পস’ এর উদ্যোগে ওই তরুণীকে চিহ্নিত করে থানায় অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, বিড়াল হত্যার ঘটনায় কেয়ার ফর পস নামক সংগঠনের পক্ষ থেকে মুগদা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় মেয়েটিকে আসামি করা হয়েছে। পশুর প্রতি নিষ্টুরতা আইনের ৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত মেয়েটি নিজেকে ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। ২০১৭ সালে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও তার এন্টিবায়োটিক রিঅ্যাকশন হওয়ার কারণে পড়াশোনা আপাতত বন্ধ আছে বলে ওই তরুণী জানিয়েছে। এর আগেও সে ছোট ছোট সায়েন্স এক্সপেরিমেন্ট করেছে দাবি করে বলে, “এটাও কৌতুহলবশত করেছি। আমি খুব দুঃখিত, ভবিষ্যতে এরকম আর করবো না।”
কেয়ার ফর পস-এর কর্মী মো. সেলিম বলেন, মেয়েটি বিড়ালটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে তার মা ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে পরবর্তীতে এ ধরণের অপরাধ ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে পারে।
