গণতন্ত্রের পথ প্রশস্ত করার আহ্বান গয়েশ্বরের

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:২০
 
দেশে জঙ্গিবাদ রুখতে সরকারের প্রতি গণতন্ত্রের পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, ‘গণতন্ত্র যেখানে থাকে না, গণতন্ত্রের অনুপস্থিতিতে গণতন্ত্রের বাইরের শক্তি নানাভাবে সংগঠিত হয়।’
 
তিনি বলেন, আজকে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বা ঘটছে, এটা রাষ্ট্রের জন্য, স্বাধীনতার বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে তা হুমকি। সরকারকে বলব, জঙ্গি দমনের ক্ষেত্রে সবাইকে কাজ করতে দিন, রাস্তায় নামতে দিন। গণতন্ত্রের পথ প্রশস্ত করুন।
 
ক্ষমতাসীনদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্রের পথ যদি সংকুচিত করেন, তাহলে কী হতে পারে আপনাদের পার্টির সেক্রেটারি জেনারেল সৈয়দ আশরাফ একটা কথা বলেছেন, সৈয়দ বংশের ছেলে.. তিনি কী কথা বললেন, কথাগুলোর মর্ম বুঝতে চেষ্টা করেন, সেই পথে চলুন। সেটা আপনার জন্য মঙ্গল, দেশের জন্যও মঙ্গল।’
 

গয়েশ্বর চন্দ্র বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় আমাদের চেয়ারপারসন শর্তহীনভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অথচ তিনি (প্রধানমন্ত্রী) উল্টা-পাল্টা নেতিবাচক কথাবার্তা বলেছেন। তিনি জাতীয় ঐক্য করলেন না। আমরা বলতে চাই, আজকে যে সরকারে আছে, আগামীদিন যারা সরকারে আসবে, উগ্রবাদ-জঙ্গিবাদ যদি বিস্তার লাভ করে তাহলে কোনো সরকারই টেকসই হবে না। আর যদি সন্ত্রাস-জঙ্গিবাদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশে উন্নয়ন তো দূরের কথা, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হবে।