কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি জামাল হক ওরফে জাম্বু মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহত জামাল হক ওই উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শকসহ চার সদস্য আহত হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে ধনপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা সমবেত হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও ২৬ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানকালে ডিবির পরিদর্শক নাছির সরকার, এসআই আহসান, কনস্টেবল হাবিব ও রফিক আহত হন।
ওসি মামুন অর রশিদ জানান, নিহত জামাল হক ওরফে জাম্বু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণ মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক ২টি মামলা হয়েছে। অপর মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
