ফ্রান্সে যাজক হত্যার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৯:৪৯
ফ্রান্সের নরম্যান্ডিতে গত মঙ্গলবার গির্জার ভিতরে যাজক হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় জানা গেছে। এদিকে ওই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ খ্রিস্টান, মুসলিম, ইহুদি এবং বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।  
 
ফ্রান্সের সরকারি কৌসুলি ফ্রাঁসোয়া মলিন্স জানান, হামলাকারীদের একজন ১৯ বছর বয়সী আদেল কারমিচি। গত বছর সিরিয়ায় যাওয়ার চেষ্টা করার সময় দুইবার তাকে গ্রেফতার করা হয়েছিল। হামলাকারী দ্বিতীয় জনও ১৯ বছর বয়সী, নাম মালিক পেতিতজিয়ান। পূর্ব ফ্রান্সের এই বাসিন্দাও তুরস্ক দিয়ে সিরিয়ায় প্রবেশ করার সময় আটক হয়েছিলেন। দুইজনই আইনশৃঙ্খলা-বাহিনীর নজরদারিতে ছিল।
 
মঙ্গলবার হামলার খবর পেয়েই গির্জাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। মলিন্স জানান, হামলাকারীরা ধর্মযাজককে হত্যার পর বাকি চার জিম্মির একজনকে আহত করে। অন্য তিন জিম্মিকে গির্জায় পুলিশের প্রবেশ ঠেকাতে মানববর্ম হিসেবে ব্যবহার করা হয়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ। ফরাসি নিরাপত্তাবাহিনী দুই হামলাকারীকেই গুলি করে হত্যা করে। তিন জিম্মিকেও উদ্ধার করা হয়। পরে বোমা ও বিস্ফোরকের সন্ধানে গোটা এলাকায় চিরুনি-তল্লাশি চালায় বিশেষ বাহিনীর সদস্যরা। 
 
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার প্রতিনিধিদের ওঁলাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে বসার কথা ছিল। এরপর ফরাসী মন্ত্রীসভারও বৈঠক হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জাতীয় ঐক্যের আহবান জানান। উল্লেখ্য, ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দায় স্বীকার করে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এ বলা হয়, নরম্যান্ডিতে গির্জায় হামলাকারীরা আইএসের সৈনিক। ক্রুসেডার জোটভুক্ত দেশগুলোকে টার্গেটের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। বিবিসি।