নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ এলাকায় বাড়ির প্রহরী আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক।
বৃহস্পতিবার সন্ধ্যায় মদনগঞ্জ পাওয়ার হাউজের বিপরীতে এ হত্যাকাণ্ড ঘটে। আতাউর রহমান ফরাজিকান্দা এলাকার মৃত হাফেজ ওমর আলীর ছেলে। তিনি মদনগঞ্জের আশরাফুজ্জামানের বাড়িতে কয়েক বছর ধরে কেয়ারটেকারের কাজ করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরাজিকান্দা এলাকার এক যুবক ওই বাড়ির সামনে পানি জমে থাকা নিয়ে আতাউরের সঙ্গে বাকবিতণ্ডা করে। এ সময় ওই যুবক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আতাউর রহমানকে হত্যা করে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
