যৌন হয়রানির শিকার আম আদমি পার্টির নারী কর্মী

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ০১:৩৮
ভারতে আম আদমি পার্টির এক নারী কর্মীকে যৌন হয়রানি করা হয়েছিল বলে অভিযোগ এনেছে তার পরিবার। গত সপ্তাহে নিজ বাড়িতেই বিষ খেয়ে দলটির ঐ নারী কর্মী আত্মহত্যা করে। এরপর পার্টির এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনে এমন মন্তব্য করে পরিবারটি। গত বুধবার ন্যাশনাল কমিশন ফর উইমেনের (এনসিডব্লিউ) প্রধান একথা জানিয়েছেন। —খবর এনডিটিভি’র।
 
এনসিডব্লিউ’র প্রধান ললিতা কুমারামঙ্গলা বলেন, ২৮ বছর বয়সী ঐ নারী কর্মীকে যৌন হয়রানি করা হয়। এমনকি তার দুই কন্যা সন্তানকে অপহরণেরও হুমকি দেওয়া হয়। দলে উপরে উঠতে হলে ‘শরীরের সঙ্গে আপোস করতে হবে’- পরিবার পক্ষ থেকে এমন অভিযোগ জানানো হয়েছে। এএপি সরকার ঐ নারী কর্মীর মেয়েদের স্কুলে ভর্তি হতে বাধা প্রদান করে। পুরো পরিস্থিতি নিয়ে দলের দিল্লি চিফ দিলিপ পান্ডেকে জানানো হয়েছিল। তবে এখন তিনি সেকথা অস্বীকার করছেন। বলেন মানবাধিকার কর্মী ললিতা।
 
শুধু তাই নয় যৌন হয়রানির অভিযোগ এনে ঐ নারী সহকর্মী রমেশ ভাদিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রমেশ জামিনে মুক্তি পেলে তার মধ্যে আবারো হতাশাও জন্ম নেয়। তবে দল থেকে এমন অভিযোগ নাকচ করে ঘটনার তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে এবং তার মেয়েদের স্কুলে ভর্তির ব্যবস্থা করার ক্ষেত্রে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
 

এদিকে বর্তমান মামলায় দিলিপ পান্ডের নাম উল্লেখ করায় ঐ নারীর পরিবারের ওপর চাপ বেড়েছে বলে দলের এক কর্মী আশুতোষ জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দলের ১১ জন আইনপ্রণেতাকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।