নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সকাল ১১টায় এই পদযাত্রা শুরু করেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সদস্যরা। কিন্তু প্রেসক্লাব থেকে কদমফুল ফোয়ারা মোড় পর্যন্ত আসতেই পুলিশি বাধার মুখে পড়েন সংগঠনের প্রায় ৭ হাজার শিক্ষক-কর্মচারী। বাধার মুখে তারা রাস্তায় অবস্থান নেন।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আবেদন করে আসছি। প্রধানমন্ত্রী এর আগে আমাদের আশ্বস্ত করেন। এরপরও দেড় বছর অতিক্রম হয়েছে। উচ্চমহলে বিভিন্ন সময় আমরা যোগাযোগ করেছি। কিন্তু তাদের একই কথা, আমাদের কিছু করার নেই। তাই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে এক মাস আগে এই পদযাত্রা কর্মসূচি দেই, যেটি বুধবার হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের কারণে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে বুধবার আমরা সেটি স্থগিত করে বৃহস্পতিবার দেই। তারই ধারাবাহিকতায় সকালে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করি। কিন্তু পুলিশ আমাদের এখানে (কদমফুল ফোয়ারা মোড়) আটকে দেয়। আমরা শিক্ষক সহিংস কিছু করব না। তাই আমাদের যেখানে আটকে দেওয়া হয়েছে, সেখানেই বসে পড়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব বলে তিনি ঘোষণা দেন।
শাহবাগ থানার পেট্রোল (টহল) ইন্সপেক্টর আবুল বাশার জানান, মিছিল করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তাই আমরা এখানে বাধা দিয়েছি। তাদের বলা হয়েছিল আপনারা যদি কোনো স্মারকলিপি দেন তাহলে আমরা তার ব্যবস্থা করতে পারি। কিন্তু তাদের বক্তব্য একটাই, তারা প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রতিশ্রুতি চান। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের সঙ্গে না দেখা করবেন ততক্ষণ পর্যন্ত তারা প্রেসক্লাবে অবস্থান করবেন। তাদের অবস্থানে বর্তমানে আমরা কোনো বাধা দিচ্ছি না।
