শাজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৮:২১
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে  আকুল হোসেন  (২৮) নামের এক যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পার্শ্বে মাটির গর্ত থেকে শাজাহানপুর থানা পুলিশ ধারালো অস্ত্র দিয়ে কোপানো লাশটি উদ্ধার করে।
 
নিহত আকুল ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে। সে একই এলাকার যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হত্যা মামলার আসামী ছিল। আকুল নিজেও ফুলতলা এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে যেকোন সময় আকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঙ্গলের গর্তে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরিরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ণ রয়েছে।
 
ফুলতলা এলাকার কয়েকজন জানান, আকুল ফুলতলা এলাকার  এক সময়ের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা শাহীন গ্রুপের সদস্য ছিল। শাহীন হত্যাকান্ডের পর সংঘটিত যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হক্যা মামলায় অন্যতম আসামী। সে ঐ মামলায় জামিনে ছিল । নিহত আকুল এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত।
 
এদিকে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আামিনুল ইসলাম ডাবলু জানান, আকুল যুবলীগের কেউ নয়। সে কোন কমিটিতেও ছিলনা। তবে যুবলীগের কারও সাথে তার সম্পর্ক থাকলেও থাকতে পারে।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউসুদ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে আকুল খুন হয়েছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত করার কাজ চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।