কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, 'নিরস্ত্র মানুষ হত্যা করে কখনো ইসলাম কায়েম করা যায় না। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, একদল অন্ধকারের জীব তখন আমাদের দেশের শান্তি নষ্ট করতে জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে।'
তিনি মঙ্গলবার সকালে শেরপুরে তার নির্বাচনী এলাকা নকলা উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে সৌর হারিকেন বিতরণকালে এ কথা বলেন। কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকায় দু'দিনের সফরে রয়েছেন।
মতিয়া চৌধুরী বলেন, 'ইসলামের নামে যারা বোমা মারছে, গ্রেনেড মারছে, তারাবি'র নামাজের সময় মানুষ হত্যা করছে, সেই অন্ধকারের জীবদের মনের আলো, জ্ঞানের আলো এবং আল্লাহর দেয়া আলো দিয়ে সত্যের পথে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে নিয়ে আসতে হবে, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।'
মন্ত্রী এ সময় উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়ন এবং নকলা পৌরসভার ৩টি ওয়ার্ডের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া 'টপ টেন' অর্থাৎ যাদের রোল নাম্বর ১ থেকে ১০-এর মধ্যে, এমন ১ হাজার ৯৯ জন শিক্ষার্থীর মাঝে এ সোলার হারিকেন বিতরণ করেন।
এ সময় এডিসি (রাজস্ব) ফরিদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, এএসপি (সার্কেল) লাবনী খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
