ব্রিটেনে ৫ মসজিদে হামলা, ভাঙচুর

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:৫৪

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাজ্যের বার্মিংহামে পাঁচটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। বুধবার মাঝ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাতুড়ি দিয়ে চালানো হামলায় মসজিদগুলোর জানালা, দরজা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনার তদন্ত করছে। বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার গভীর রাতের এসব হামলায় বার্মিংহামের মুসলিম কমিউনিটির মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা শুক্রবারের জুমার নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।    খবরে বলা হয়েছে, রাত দেড়টা থেকে ২টার দিকে বার্চফিল্ড রোডের একটি মসজিদে হামলা হয়। রাত আড়াইটার দিকে পুলিশ এই হামলার কথা জানতে পারে। এর ৪৫ মিনিট পরই এরডিংটনের একটি মসজিদে একই ধরনের হামলা হয়। এরপর এক এক করে অ্যাস্টন, পেরি বার ও আলবার্ট রোডের মসজিদে হামলা করে দুর্বৃত্তরা।

অ্যাসটনের ফাইজুল ইসলাম মসজিদের চেয়ারম্যান ইউসেফ জামান বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। বড়রা এখন তাদের সন্তানদের মসজিদ থেকে দূরে রাখতে চাইছে যেটা খুবই আতঙ্কের। তবে আমরা নামাজ পড়া বন্ধ করব না। আমরা তাদের জয়ী হতে দেব না। 

উইটন ইসলামিক সেন্টারের একজন মুখপাত্র বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- রাত দেড়টার দিকে এক দুর্বৃত্ত জানালা ভাঙছে। ফরেনসিক কর্মকর্তারা এসব হামলার ঘটনায় আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। ব্রোমফর্ড অ্যান্ড হজ হিল ওয়ার্ডের লেবার দলীয় কাউন্সিলর মাজিদ মাহমুদ টুইটারে হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদের ভিডিও পোস্ট করেছেন।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের প্রধান কন্সটেবল ডেইভ থমসন বলেন, হামলার উদ্দেশ্য আমরা জানি না। কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একসঙ্গে কাজ করছে। তিনি আরো জানান, নিউজিল্যান্ডে হামলার পর থেকে ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারে কাজ করা হচ্ছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বার্মিংহামের লেডিউডের লেবার দলীয় এমপি শাবানা মাহমুদ মসজিদে হামলাকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন।