দেশে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যে বাধা আছে তা ‘অতিসত্ত্বর’ উঠে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দেশে ই-পেমেন্ট ও ই-রিসিপ্ট অনেক হচ্ছে। বিদেশের সঙ্গেও হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না। ই-পেমেন্টের ক্ষেত্রে যে বাধা আছে সেটা অতিসত্ত্বর উঠে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘পেইপ্যাল ইতোমধ্যে এসেছিল, আবার পিছিয়ে গিয়েছিল। তারা আবার এসেছে এবং আগ্রহ দেখিয়েছে। আমরা সিস্টেমটাকে আরো সহজ করে দিতে পারব বলে মনে করি। দেশে পেইপ্যালের মাধ্যমে আরো ব্যাপকভাবে হবে বলে আমার বিশ্বাস।’
অনলাইনে গৃহস্থালি সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠিত ‘সেবা ডট এক্সওয়াইজেড’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন। অনলাইন পেমেন্টের কার্যক্রম বিস্তৃত হলে দুর্নীতির পরিমাণও কমবে বলে মনে করেন মুহিত।
তিনি বলেন, ‘আমাদের দেশে আমাদের একটা দুর্নাম আছে, আমরা দুর্নীতিপরায়ণ। দুর্নীতিপরায়ণ দেশের যে দুর্নাম এ থেকে উত্তরণের সর্বশ্রেষ্ঠ উপায় আমার কাছে মনে হয় ই-পেমেন্ট এবং ই-রিসিপ্টস।’
