মনজুরুল আহসান বুলবুল বিএফইউজে সভাপতি নির্বাচিত

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:৫১
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুরুল আহসান বুলবুল।
 
তিনি ভোট পেয়েছন ১০৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী পেয়েছেন ৯৬২ ভোট।
 
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বিকাল ৫টায়। এর আগে গত ২৬ জুন সভাপতি পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।
 
মঞ্জুরুল আহসান বুলবুল ১০৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। এছাড়া ২৭৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএফইউজের সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক আবু তাহের।
 
বিএফইউজের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯৮৬ জন, চট্টগ্রামে ৩৪৬ জন, নারায়ণগঞ্জে ৩৩ জন, কক্সবাজারে ৩৭ জন, বগুড়ায় ৭০ জন, ময়মনসিংহে ৩২ জন, দিনাজপুরে ৫০ জন, খুলনায় ১০৩ জন, যশোরে ৭৫ জন ও রাজশাহীতে ৬৫ জন ভোটার রয়েছেন।
 
মঞ্জুরুল আহসান বুলবুল নির্বাচনে ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেয়েছেন ৭৬৫ ভোট, চট্টগ্রামে ১১৩, রাজশাহীতে ৮, দিনাজপুরে ২৬,  যশোরে ২৩, খুলনা ৩৪, কক্সবাজার ২৩, বগুড়া ৩৬, নারায়গঞ্জে ১৭ এবং ময়মনসিংহে ২০টি ভোট।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশোক চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নে পেয়েছেন ৬২৭, ভোট, চট্টগ্রামে ১৭৪,  রাজশাহীতে ৩০, দিনাজপুরে ১৪, যশোরে ১৯, খুলনা ৪৫, কক্সবাজার ১২, বগুড়া ২১, নারায়ণগঞ্জে ১০ এবং ময়মনসিংহে ১০টি ভোট। এছাড়া বাতিল হয়েছে ১৭৬টি ভোট।
 
গত বছর ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। এরপর গত ২৪ জানুয়ারি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সংগঠনটির সভাপতি পদ শূন্য হয়ে যায়।
 
এদিকে মঞ্জুরুল আহসান বুলবুলের এই বিজয় প্রয়াত সাংবাদিক নেতা আলতাফ মাহমুদকে উৎসর্গ করেছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়টি জানান।