তবে কি ফিরছেন না মেসি?

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১১:৫২
 
এতদিন বিভিন্ন মহল থেকে খবর আসছিল, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হচ্ছিল এ কথা। সেই সঙ্গে মেসির কাছের বেশ কিছু সূত্র থেকেও জানা গিয়েছিল শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে নামতে যাচ্ছেন মেসি। কিন্তু গোল ডট কমে মেসির আত্মীয়ের বরাত দিয়ে প্রকাশিত এক রিপোর্ট বেশ হতাশ করছে আর্জেন্টাইন সমর্থকদের!
 
মেসির সেই আত্মীয়র বরাত দিয়ে গোল ডট কম জানায়, মেসি দলে ফিরছে এমন কিছু সে বলেনি। আমরা জানি, বর্তমানে জাতীয় দলের সঙ্গে কোন সম্পর্ক নেই তার।
 
আর্জেন্টিনার কোচ নিয়োগের ক্ষেত্রে মেসি পরামর্শ দিয়েছিল কিনা জানতে চাইলে তারা বলেন, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কি ভাবছে এবং কি বলছে তা সম্পর্কে আমি কোন মন্তব্য করব না। শুধু এতটুকু বলতে পারি, ফেডারেশনের কোচ নিয়োগ বা কোচ বরখাস্তের সঙ্গে মেসির কোন সম্পর্ক নেই।
 
আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচ দিন পরে ভেনিজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। কিন্তু সেখানে দল বাছাই নিয়ে দারুণ বিপাকে রয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। মেসি সহ এবং মেসিকে ছাড়া উভয় দলের বিষয় মাথায় রাখতে হচ্ছে নির্বাচকদের। গোল ডটকম।