রাজশাহীর গোদাগাড়ীতে আঙ্গুরা বেগম (৫৮) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা গোদাগাড়ী উপজেলার সাড়ইল গ্রামের মেহের আলীর স্ত্রী।
শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বাড়িতে আঙ্গুরা তার স্বামী ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে তিনি বাড়ির বারান্দায় ঘুমান। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার গলাকাটা লাশ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আঙ্গুরা বেগমের মেয়ে নাসিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা চলছে। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে।
