পল পগবাকে নিয়ে গুঞ্জন চলছেই। জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডে মধ্যে চলছে দর কষাকষি। অথচ ফ্রান্স মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছেন, এখন পর্যন্ত তারকা এ ফুটবলারকে দলে টানতে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মাঝে কোনো রকম চুক্তিই হয়নি।
মিডিয়ার সমালোচনা করে রাইওলা জানান, ‘দুই ক্লাবের মধ্যে এখন পর্যন্ত কোনো চুক্তিই হয়নি। এটা ইতালি ও যুক্তরাজ্য প্রেসগুলোর মধ্যে একরকম প্রতিযোগিতা চলছে, পগবার বিষয়ে কে প্রথম ঘোষণা দিতে পারে। তাকে নিয়ে এমন প্রতিযোগিতায় মিডিয়া আসলে প্রমাণ করছে কে কতোটা খারাপ।’
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস পগবাকে ছাড়তে ট্রান্সফার ফি বাবদ ১১০ মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে। যেটি শেষ পর্যন্ত সত্যি হলে হবে দল বদলের বাজারে বিশ্ব রেকর্ড। আর এই রেকর্ডেই নাকি ২৩ বছর বয়সী এ তারকাকে দলে নিতে প্রস্তুত ম্যানইউ।
এক সময় এই রেড ডেভিলসেই নিজের ক্লাব ক্যারিয়ার শুরু করেন পগবা। ওল্ড ট্রাফোর্ডেই এখন আবার ফেরত আসতে চাচ্ছেন তিনি! তাকে দলে ভেড়াতে মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও।
