খুলনায় আরো এক যুবক নিখোঁজ

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৮:৪০
খুলনায় সাঈদুর রহমান সাঈদ (২২) নামে এক যুবক গত সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন।
 
পুলিশ এখনো তার সন্ধান পায়নি। নিখোঁজ সাঈদের ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে। সাঈদ খুলনা মহানগরীর দৌলতপুর জুট মিলের বদলি শ্রমিক ছিলেন এবং অবসর সময়ে তার শ্যালকের চায়ের দোকানে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার দু’ মাস পর নগরীর খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
নিখোঁজ সাঈদের মা শাহানারা বেগম বলেন, সাঈদ নগরীর খালিশপুরে তার শ্বশুরবাড়িতে থাকাকালে গত ১৪ এপ্রিল স্ত্রীর সঙ্গে ঝগড়া করে  সকাল ১০টার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। কিন্তু কোথাও সাঈদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে তিনি গত ২১ জুন খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আরো দেড়মাস অতিবাহিত হলেও তিনি ছেলের সন্ধান পাননি।
 
খালিশপুর থানার এসআই ও জিডির তদন্তকারী কর্মকর্তা আলিমউজ্জামান বলেন, ঘটনার দুই মাস পর নিখোঁজ সাঈদের মা থানায় একটি জিডি করেছেন। কিন্তু তিনি থাকত শ্বশুরবাড়িতে। জিডি হওয়ার পর উভয় পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু কেউই এ ব্যাপারে কোন তথ্য দিতে পারছে না।
 
এর আগে গত ২৫ জুলাই খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সিফাত (২৫) নিখোঁজ হন।
 
এ ছাড়া বিভিন্ন সময় খুলনা থেকে সাত ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজরা হলেন- নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা সদর থানার জিন্নাহপাড়া এলাকায় কোচিং সেন্টারের পরিচালক মাসুদ রানা (২৭), মুজগুন্নি কাজীপাড়া এলাকার কাজী আতিয়ার রহমানের ছেলে কাজী মো. শাওন (২৬), মুজগুন্নি এলাকার জহিরুল হকের ছেলে সাঈদুর রহমান (১৯), দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মনির হোসেন (৩৫), মহেশ্বরপাশার মৃত নূর ইসলামের ছেলে জাকির হোসেন (১৭) ও মৃত আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মোল্লা (১৫) এবং দৌলতপুর পাবলা কারিকরপাড়ার খন্দকার সাইদুর রহমানের ছেলে খন্দকার সোহেল সুলতান (২৫)।