'মানসিক স্বাস্থ্যের পাশাপাশি যোগাযোগ স্বাস্থ্যের উন্নয়ন জরুরি'

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২০:০৫
সাম্প্রতিক জঙ্গিবাদ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সকলকে যোগাযোগ স্বাস্থ্যের উন্নয়নেও সচেষ্ট হতে হবে। যথাযথ যোগাযোগ চিকিৎসাই সাম্প্রতিক সমস্যার সমাধান দিতে পারে।'
 
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে শনিবার ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর ৭ম বার্ষিক সাধারণ সভায় উপাচার্য প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
ডিইউএমসিজেএএ'র সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আহমেদ পিপুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় দেশী-বিদেশী গণমাধ্যমে কর্মরত এ বিভাগের বিপুল সংখ্যক সাংবাদিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন।
 
বার্ষিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা ড. সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান এ সময় বক্তৃতা করেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডিইউএমসিজেএএ’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তৃতায় বলেন, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন পেশাগত উৎকর্ষতা সাধনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয় যা সর্বসম্মতিক্রমে সকল সদস্য অনুমোদন করেন।