লোকসভা নির্বাচন প্রথম দফায় ১৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০০:৩৮

তিথি নক্ষত্র মেনে পূর্ণিমার রাতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। ৫৪৩ আসন বিশিষ্ট ভারতের লোকসভার ভোটগ্রহণ শুরু হচ্ছে ১১ এপ্রিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লড়বেন উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ লড়ছেন গুজরাটের গান্ধীনগর থেকে। অমিত শাহ এখন রাজয়সংহার এমপি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লড়বেন লখনৌ কেন্দ্র থেকে। উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়বেন স্মৃতি ইরানি। ২০১৪ সালে তিনি এই কেন্দ্রে রাহুল গান্ধীর কাছে হেরে যান। উত্তরপ্রদেশেরই মথুরা থেকে লড়বেন ওই কেন্দ্রেই এমপি ড্রিম গার্ল হেমা মালিনী। মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নিতিন গডকড়ি। অরুণাচল পশ্চিমে বিজেপি প্রার্থী হলেন বিজেপির মন্ত্রী কিরেন রিজিজু।

বৃহস্পতিবার রাতে নয়া দিল্লিতে বিজেপি এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ছিল প্রায় মুসলিম বর্জিত। ৪৮২ এর মধ্যে মাত্র ৭ প্রার্থী দিয়েছিল। একজনও জিততে পারেন নি। এবার প্রথম দফায় জম্মু-কাশ্মীরের ৩ এবং কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে মুসলিম প্রাথী দিয়েছে তারা। এই ৪ কেন্দ্রেই মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশের বেশি।

প্রথম দফায় উত্তরপ্রদেশের ২৯টি আসন, পশ্চিমবঙ্গের ২৮, কর্নাটকের ২১, মহারাষ্ট্রের ১৬, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি, আসামের আটটি, অরুণাচল প্রদেশের দু’টি, ছত্তিশগড়ের পাঁচটি, দাদরা ও নগর হাভেলির একটি, জম্মু ও কাশ্মীরের পাঁচটি, কেরলের ১৩, লাক্ষাদ্বীপের একটি, মনিপুরের দু’টি, মিজোরামের একটি, ওড়িশার দশটি, রাজস্থানের ১৬টি, সিকিমের একটি, তামিলনাড়ুর পাঁচটি, তেলেঙ্গানার ১০, ত্রিপুরার দু’টি, উত্তরাখন্ডের পাঁচটি ও অন্ধ্রপ্রদেশের দু’টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গের মেদিনীপুর আসন থেকে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হুগলিতে লকেট চ্যাটার্জি। আসানসোল কেন্দ্রে বাবুল সুপ্রিয় লড়বেন তৃণমূলের মুনমুন সেনের বিরুদ্ধে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া এমপি অনুপম হাজরা যাদবপুর কেন্দ্রে লড়বেন তৃণমূলেরই অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে।