সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নস্থ বিশ্বনাথ-মুফতিরগাঁও স্কুল সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসিন। ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলগামী ৫ শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসীকে।
ভাঙনের ফলে প্রায় আধা কি.মি দৈর্ঘ্যের সড়কে রয়েছে ছোট-বড় অর্ধ শতাধিক গর্ত। এরমধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলে অভিহিত করেছেন এলাকাবাসী। এসব গর্তে পড়ে প্রতিদিনই ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটছে।
মুফতিরগাঁও স্কুলের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো ভরাট হয়ে যায়। তখন চলাচল করতে অনেক কষ্ট হয়। প্রায়ই এসব গর্তে পড়ে আমাদের বই ও জামা-কাপড় ভিজে যায়।
স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বর্ষা মৌসুম শেষ হলে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
