তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার প্রেক্ষাপটে আঙ্কারার সঙ্গে সংহতি প্রকাশে ব্যর্থতার জন্য পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তাদেরকে তিনি ‘নিজের চরকায় তেল দেওয়ার’ কথা বলেন। এদিকে প্রেসিডেন্টকে ‘অবমাননার’ অভিযোগে দায়ের করা মামলাগুলো তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তুরস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে বক্তৃতাকালে শুক্রবার এরদোয়ান ব্যর্থ অভ্যুত্থানের পর সরকারের গ্রহণ করা পদক্ষেপের সমালোচনাকারী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। দমনপীড়নের সমালোচনা করা দেশগুলোর উদ্দেশে এরদোয়ান বলেছেন, ‘কিছু মানুষ আমাদের উপদেশ দেয়। তারা বলতে চায়, তারা উদ্বিগ্ন বোধ করছে। তাদের বলছি, আপনারা আপনাদের নিজের চরকায় তেল দিন। নিজেদের কৃতকর্মের দিকে তাকান।’ তিনি বলেন, ‘আমাদের প্রতি সহানুভূতি জানাতে ইউরোপীয় ইউনিয়ন অথবা পশ্চিম থেকে একজনও আসেনি। তুরস্কের গণতন্ত্র, আমাদের জনগণের জীবন, এদের ভবিষ্যত্ নিয়ে ওইসব দেশের বা তাদের নেতাদের কোনো উদ্বেগ নেই, তাদের উদ্বেগ অভ্যুত্থানকারীদের জন্য, তারা আমাদের বন্ধু হতে পারে না।’ এরদোয়ান আরো বলেন, ‘যখন পাঁচ থেকে ১০ জন ব্যক্তি সন্ত্রাসী হামলায় মারা যান, তখন আপনাদের ভাবসাব এমন যে, বিশ্বে আগুন লেগে গেছে। কিন্তু যখন তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা হলো, তখন আপনাদের কার্যকর ইতিবাচক কোনো ভূমিকা রাখতে দেখা গেলো না।’
তুরস্কে প্রেসিডেন্টকে ‘অবমাননার’ অভিযোগে দায়ের করা প্রায় দুই হাজার মামলা তুলে নেওয়ারও ঘোষণা দিয়েছেন এরদোয়ান। বিদ্যমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের অনুভূতিতে’ উদ্বুদ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এরদোয়ান বলেন, ‘আমার বিরুদ্ধে অপমানজনক অশ্রদ্ধা দেখানোর কারণে যেসব মামলা হয়েছে সব তুলে নিতে যাচ্ছি আমি।’ শুভমনোভাবের প্রতিফলন হিসেবে এটি করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছিল, এরদোয়ানের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করায় প্রায় দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ওইদিন সকালে এরদোয়ান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেপ ভোটেলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি অভ্যুত্থানকারীদের পক্ষে ছিলেন। ভোটেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার অবস্থান জানুন। এই রাষ্ট্রকে অভ্যুত্থান প্রচেষ্টা থেকে রক্ষার ভাবনার বদলে আপনি অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছেন।’ উল্লেখ্য, বৃহস্পতিবার জেনারেল ভোটেল এক মন্তব্যে বলেছিলেন, তুরস্কের কিছু সামরিক নেতাকে জেলে পাঠানোয় তুরস্ক-আমেরিকান সামরিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।’
এদিকে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ব্যর্থ অভ্যুত্থানের জন্য দায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তিকে সামরিক বাহিনী থেকে সরিয়ে নিতে সফল হয়েছে তুরস্ক। এছাড়া তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অভ্যুত্থানের সঙ্গে জড়িত ১৮ হাজার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুলাই গভীর রাতে তুরস্কে সরকার উত্খাতের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর একাংশ। ওই ঘটনায় প্রায় তিন’শ লোক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়।
