রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাংদের দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হয়েছে কামরুল হাসান হূদয় (১৪) নামে এক কিশোর। সে উত্তরখানের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উত্তরখান থানার টেকপাড়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের কিশোররা তাকে ছুরিকাঘাত করে। উত্তরার আধুনিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন্স) নাসির উদ্দিন। নিহতের বাবার নাম কামাল হোসেন। তিনি ব্যবসায়ী। গত দুই বছরে রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, কাফরুল, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে অন্তত এক ডজন হত্যাকাণ্ড সংঘটিত হয়।
উত্তরখান থানার পরিদর্শক নাসির উদ্দন জানান, টেকপাড়া এলাকায় উত্তরখান ও দক্ষিণ খান থানা এলাকার কয়েকটি কিশোর গ্রুপ প্রতিদিন আড্ডা দেয়। তাদের একটি গ্রুপের সঙ্গে অপর গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। এ রকম বিবদমান দু’টি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে হূদয়কে ছুরিকাঘাত করে অপরপক্ষ। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক স্বাস্থ্য পরীক্ষা করে হূদয়কে মৃত ঘোষণা করেন। পরিদর্শক আরও বলেন, কারা হূদয়কে ছুরিকাঘাত করেছে সেটা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। ছুরিকাঘাত করে সবাই পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
২০১৭ সালের ৬ জানুয়ারি উত্তরায় কিশোর গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের স্কুল শিক্ষার্থী আদনান কবির খুনের ঘটনায় বেরিয়ে আসে রাজধানী জুড়ে কিশোর গ্রুপগুলোর ভয়ঙ্কর চিত্র। পুলিশের খাতায় কিশোরদের অর্ধশত গ্রুপের নাম রয়েছে।
