রঙ খেলায় মেতে দেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উত্সব দোল পূর্ণিমা বা হোলি উত্সব। গতকাল বৃহস্পতিবার দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উত্সব ও কীর্তনের আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রঙ ছড়িয়ে দোল উত্সব করে। সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই উত্সব।
দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উত্সব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উত্পত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাঁধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন। বিশ্বের অনেক স্থানে উত্সবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ প্রভৃতি স্থানে দোল উত্সব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত।
