সাভারে ছয়তলা ভবন হেলে পড়েছে

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০০:৪৯

সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। বুধবার রাতে মো. জিয়াউর রহমানের মালিকানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ডের তালবাগ মহল্লার এ ব্লকের একটি ভবন। গতকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সাভার পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় হেলেপড়া বাড়ি থেকে সকলকে সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে।

 পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, বুধবার রাতে হঠাত্ জিয়াউর রহমানের বাড়িটি পাশের নাজিমুদ্দিনের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে। পৌর মেয়র আব্দুল গণি বলেন, পৌরসভার পক্ষ থেকে একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া ভবনটি বুয়েট কর্তৃক পরীক্ষা না করা পর্যন্ত সেখানে বসবাস না করার জন্য বাড়ির মালিককে নোটিস করা হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। তবে এ বিষয়ে সম্পূর্ণ তদারকি করছেন পৌরসভার কর্তৃপক্ষ এবং প্রকৌশলীবৃন্দ।