চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত নুরুল মোস্তফা টিনুর অনুসারীরা মিছিল নিয়ে চট্টগ্রাম কলেজে প্রবেশ করে মানববন্ধন করার চেষ্টা করে। এসময়নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে বাপ্পী, জীবন ও ইমাম নামে তিনজনকে দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
টিনুর অনুসারী ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক অভিযোগ করেন, সকালে জঙ্গিবাদবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় মাহমুদুল করিমের নেতৃত্বে কিছু ছেলে আমাদের ওপর গুলি ছোড়ে।
এদিকে রনির অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ কর্মী মাহমুদুল করিমের দাবি, সকালে বহিরাগতরা মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।
পুলিশ বেলা তিনটার দিকে কলেজের গেটের বাইরে থাকা কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
