মানিকগঞ্জের দৌলতপুরের ইউনিয়নের যাতায়াতের একমাত্র রাস্তা ধলেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে।
ইতিমধ্যে ৪০-৪৫টি বাড়ি নদী গর্ভে চলে গেছে। গত কয়েক দিনে ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ঘিওর উপজেলার সঙ্গে দৌলতপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, পুরাতন ধলেশ্বরী নদীর ভাঙনে কুস্তা, শ্রীধরনগর গ্রামের শত শত বিঘা ফসলী জমিসহ ঘিওর কুস্তা সড়ক, ঘিওর-দৌলতপুর সড়ক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে এ বছর পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা নেয়নি।
উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন ও নির্বাহী অফিসার মাহবুবা আইরিন জানান, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। কুস্তা, নারচী গ্রামের ও দৌলতপুর উপজেলার ৫টি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার যুব সমাজ ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
