রিও অলিম্পিকে স্বর্ণ জিতলে এক কোটি টাকা পুরস্কার পাবেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন।
আর অলিম্পিকে নিজের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সটা রিও অলিম্পিকেই উপহার দিতে চান বাকী।
ফেডারেশনের এমন পুরস্কার ঘোষণা তাকে ভালো খেলতে আরো অনুপ্রাণিত করবে বলেও মনে করেন, কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী এই শ্যুটার।
এখন শুধু ক্ষণ গণনার পালা। বাংলাদেশের যে ৭ অ্যাথলেট রিও অলিম্পিকে অংশ নিচ্ছেন তাদের মধ্যে আলোচনায় আছেন গ্ল্যাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী এই শ্যুটারও। এমনিতে অলিম্পিকের মতো মেগা আসরে বাংলাদেশের অ্যাথলেটদের তেমন চাওয়া-পাওয়া নেই। কিন্তু হিটেই বাদ পড়ে নিজের সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পক্ষে নন বাকী। অন্তত ঠাঁই পেতে চান মূল পর্বে। তবে, ছোট্ট এক আক্ষেপ আছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি। কিছুদিন উন্নত প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাবটা যে আমলেই নেয়নি বিওএ।
তবে ফেডারেশনের পুরস্কার ঘোষণায় আক্ষেপ হয়তো কিছুটা মুছবে এই শ্যুটারের। অলিম্পিকে তার স্বর্ণজয়ের প্রত্যাশা আষাঢ়ে গল্পের মতো শোনাবে। সেই দিবাস্বপ্ন না দেখলেও, বাকীকে দারুণ এক প্রস্তাবই দিয়েছে ফেডারেশন। স্বর্ণজয়ের মিরাকেল যদি ঘটেই যায়, তাহলে ১ কোটি টাকা পুরস্কার পাবেন তিনি। শিষ্যকে কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুত করে তুলছেন বলে জানিয়েছেন বাকীর কোচ।
বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন কোচ ক্রিস্টেন ক্লাবস জর্ন বলেন, বাকী ভালো অবস্থায় আছে। আশা করছি ব্রাজিলে ও’র সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে পারবে। তবে, বড় বড় আসরগুলোতে শুধু ভালো খেলার সামর্থ্যই যথেষ্ট নয়। মানসিকভাবেও ফিট থাকতে হবে। দেশের অন্যতম সেরা এই শ্যুটারের যাত্রাসঙ্গী হচ্ছেন তার এই কোচও। আর টিম লিডার হিসেবে ব্রাজিল যাচ্ছেন ফেডারেশনের মহাসচিবও।
