আন্দামানে নিহত মার্কিন নাগরিক গোপনে সংরক্ষিত আদিবাসীদের দ্বীপে যাওয়ার জন্য জেলেদের ২৫ হাজার রুপি দিয়েছিলেন বলে খবর হয়েছে। স্থানীয় সেন্টিনেলিজ আদিবাসীদের দ্বীপ নর্থ সেন্টিনেলে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ হলেও ২৭ বছর বয়সী মার্কিন নাগরিক জন অ্যালেন চাউ নিষেধাজ্ঞা এড়িয়ে স্বদ্যোগে দ্বীপটিতে গিয়ে আদিবাসীদের হাতে নিহত হন।
সম্ভবত ১৬ নভেম্বর এ ঘটনাটি ঘটে। তারপর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা সফল হয়নি। আদিবাসীরা সমুদ্র সৈকতে তার মৃতদেহটি পুঁতে রেখেছে বলে জানিয়েছেন জেলেরা। সেন্টিনেলিজ আদিবাসীরা সংখ্যায় মাত্র ৪০ জনের মতো হলেও তারা বাইরের কারও সঙ্গে কোনো সম্পর্কের বিষয়ে উত্সাহী নয়। এ ধরনের কোনো প্রচেষ্টা নেওয়া হলে তারা হিংস্রভাবে তা প্রতিরোধ করে। কিন্তু আন্দামানে আসা অনেকেই স্থানীয়দের ঘুষ দিয়ে তাদের সঙ্গে দেখা করতে চেষ্টা করে। এতে করে ওই আদিবাসীরা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন অধিকার আন্দোলনকারীরা। যে জেলেরা ১৪ নভেম্বর রাতে জন চাউকে ওই দ্বীপে নিয়ে গিয়েছিলেন তারা পুলিশকে জানিয়েছেন, তারা তাদের নৌকাটি সৈকত থেকে আধা কিলোমিটার দূরে রেখেছিলেন এবং পরদিন সকালে চাউ তার সঙ্গে আনা একটি ক্যানু যোগে দ্বীপটিতে গিয়েছিলেন।
