ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জ্ঞানতাপস অধ্যাপক কাজী মোতাহার হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, 'কাজী মোতাহার হোসেনের আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ, সরল, সৎ ও সুন্দর পথ অবলম্বন করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।'
তিনি বলেন, 'কাজী মোতাহার হোসেন শ্রেণীকক্ষে পাঠদানেই শুধু নিয়োজিত ছিলেন না, একই সাথে তিনি সমাজের জন্য, দেশের জন্য, মাতৃভাষার জন্য কি করণীয় তা শ্রেণীকক্ষের ভেতর ও বাইরে শিক্ষার্থীদের বোঝাতেন।'
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে বিএস সম্মান এবং এমএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের তিনজন মেধাবী শিক্ষার্থী কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক ও বৃত্তি লাভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন এবং পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. সন্জীদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম 'কাজী মোতাহার হোসেনের সঞ্চরণ : চিন্তার পরিধি ও ব্যাকরণ' শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিল ও কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া, কাজী মোতাহার হোসেনের জীবন ও দর্শন শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তিনজন শিক্ষার্থীকে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে এর উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব ও পরামর্শ দিয়েছেন। মানব সভ্যতার উন্নয়নে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও রচনাবলী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এবছর কাজী মোতাহার হোসেন স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন এমএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মিরাজুল ইসলাম এবং বৃত্তি পেলেন বিএস অনার্স পরীক্ষায় যৌথভাবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোছা: সোনিয়া খাতুন ও এ এইচ এম মুশফিকুর রহমান নবীন। এছাড়া, রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীরা হলেন যথাক্রমে মোশারফ হোসেন, মো: হাসিবুল ইসলাম ও তুশি মারইয়াম।
