রাহুলের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ভারত

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ০৯:৩২
 
লোকেশ রাহুলের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে জ্যামাইকা টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে দ্বিতীয় দিন রান করতে ঘাম ঝরাতে হয়েছে অতিথিদের। মন্থর ব্যাটিংয়ের দিনে নিজের সামর্থ্যটা দেখিয়েছেন রাহুল।
 
কিংস্টনে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৮ রান। অজিঙ্কা রাহানে ৪২ ও ঋদ্ধিমান সাহা ১৭ রানে ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৯৬ রানে গুটিয়ে দেয়া অতিথিরা ১৬২ রানে এগিয়ে রয়েছে।
 
রবিবার স্যাবিনা পার্কে ১ উইকেটে ১২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত প্রথম সেশনে ছিল ভীষণ সতর্ক। ২৬ ওভারে মাত্র ৫৯ রান যোগ করেন রাহুল ও আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
 
আগের দিন ঝকঝকে ৭৫ রানের ইনিংস খেলা রাহুল লাঞ্চের আগেই বিশাল এক ছক্কায় পৌঁছান শতকে। ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম তিনটি অর্ধশতককে শতকে পরিণত করলেন তিনি। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব মোহাম্মদ আজহারউদ্দিনের।
 
নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের চোটে এই টেস্টে খেলার সুযোগ মেলে রাহুলের। সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। ৬ টেস্টের ক্যারিয়ারে তুলে নিলেন তৃতীয় শতক। ভারতের প্রথম উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নিজের প্রথম টেস্ট ইনিংসে শতক করেন রাহুল।
 
দ্বিতীয় সেশনে রান আউট হয়ে ফেরেন সাবধানী ব্যাটিং করা পুজারা। রোস্টন চেইজের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দেয়ার সময় বহু দূরে ছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনে তার উইকেট হারিয়ে ৭৪ রান যোগ করে ভারত।
 
৯২তম ওভারে দ্বিতীয় নতুন বল নেয়ার পর সাফল্যের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। শ্যানন গ্যাব্রিয়েল ফিরিয়ে দেন রাহুলকে। ৩০৩ বলে ১৫টি চার আর তিনটি ছক্কায় ১৫৮ রান করেন তিনি। টেস্টে এটি তার সর্বোচ্চ। তার আগের সেরা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০ রান।
 
সতর্ক শুরুর পর স্বাগতিক বোলারদের ওপর চড়াও হওয়ার মুহূর্তে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ফিরিয়ে দেন চেইজ। অ্যান্টিগা টেস্টে শতক করা রবিচন্দ্রন অশ্বিন এবার দুই অঙ্কে যেতে পারেননি। দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৩ রান।
 
দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন রাহানে-ঋদ্ধিমান। যতটা সম্ভব বড় লিড নিতে তাদের দিকেই তাকিয়ে থাকবে ভারত।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫২.৩ ওভারে ১৯৬ (ব্রেথওয়েইট ১, চন্দ্রিকা ৫, ব্রাভো ০, স্যামুয়েলস ৩৭, ব্ল্যাকউড ৬২, চেইজ ১০, ডরিচ ০, হোল্ডার ১৩, বিশু ১২, কামিনস ২৪*, গ্যাব্রিয়েল ১৫; অশ্বিন ৫/৫২, শামি ২/২৩, ইশান্ত ২/৫৩, মিশ্র ১/৩৮)
 
ভারত: ১২৫ ওভারে ৩৫৮/৫ (রাহুল ১৫৮, ধাওয়ান ২৭, পুজারা ৪৬, কোহলি ৪৪,  রাহানে ৪২*, অশ্বিন ৩, ঋদ্ধিমান ১৭*; চেইজ ২/৯১, গ্যাব্রিয়েল ১/৫০, বিশু ১/৭৯)