সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৪৭ টন সামুদ্রিক ও ৬৫০ কেজি ভারতীয় বোয়াল মাছ জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দকৃত এসব মাছের মূল্য সাত কোটি ৯৮ লাখ টাকা।
রবিবার রাতে শুল্ক ফাঁকি দিয়ে বন্দর ত্যাগ করার সময় ১৩ টি ট্রাকে বোঝাই করা এসব মাছ জব্দ করা হয়।
ভোমরার সুন্দরবন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজি এসব মাছের সিএন্ডএফ এজেন্ট । রবিবার দুপুরে তিনি মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সামুদ্রিক ও স্বাদু পানির মাছ আমদানি করেন । ভারতীয় ট্রাক থেকে তা বাংলাদেশের ট্রাকে আনলোড করা হয়। কাস্টমস এর যাবতীয় প্রক্রিয়া শেষ করে ১৩ টি ট্রাকে এসব মাছ নিয়ে যাওয়া হচ্ছিল দেশের অন্য কোনো স্থানে । এ সময় মাছ বোঝাই ১৩ টি ট্রাক জব্দ করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের গনসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী জানান, জব্দকৃত মাছ ভোমরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এসব মাছের দাম সাত কোটি ৯৮ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে মামলা হয়েছে।
