চলতি বছরের মার্চ মাসে রেডমি নোট ৩ বিকাশমান স্মার্টফোন বাজারে আনে শাওমি। ডিভাইসটি ভালোই জনপ্রিয়তা পায়। এবার বিকাশমান বাজারে আরেকটি রেডমি ফোন আনতে যাচ্ছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। 'রেডমি ৩এস' নামের এই ফোন আগামী সপ্তাহের শুরুতে উন্মোচন করা হবে বলেই ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রত্যাশা, রেডমি ৩এস আগস্টের প্রথম সপ্তাহে তাদের বাজারে উন্মোচন করা হবে।
ফোনটির দামের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি শাওমি কর্তৃপক্ষ। তবে ভারতীয় মিডিয়ার অনুমান, রেডমি ৩এস এর ২জিবি র্যাম ও ১৬ জিবি রম সংস্করণের দাম ৭ হাজার ২০০ রুপি এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম সংস্করণের দাম ৯ হাজার ২০০ রুপি হতে পারে।
গত মাসে রেডমি ৩এস চীনের বাজারের জন্য উন্মোচন করে শাওমি। ডিভাইসটিতে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি থাকছে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। এতে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য থাকছে ৪১০০ এমএএইচ ব্যাটারি।
