রাবিতে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৩:৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা।
 
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং হলি আর্টিজান ও শোলাকিয়ায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ মানববন্ধন শুরু হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘এদেশের মানুষ ধর্মান্ধতাকে মেনে নেবে না। কয়েকজন জঙ্গির হাতে দেশের মানুষ জিম্মি থাকতে পারেনা। ছাত্রজনতাই এদেশের শক্তি। তাই প্রতিবাদই যথেষ্ট নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘জঙ্গিবাদ এখন জাতীয় সঙ্কট, রাষ্ট্রীয় সমস্যা। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। তাই ঐক্যবদ্ধভাবে সকলকে এ জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে।’
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন।
 
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মু. শহীদুল্লাহ ও সাধারন সম্পাদক শাহ আজম প্রমুখ উপস্তিত ছিলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জঙ্গিবাদ বিরোধী এ মানববন্ধনে যোগ দেয়।