২০১৯ সাল পর্যন্ত অজি কোচ লেহম্যান

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:৪৫
২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ থাকছেন ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে আগামী বছরের জুনে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি নবায়নে তিনি আরো তিন বছর অজিদের সঙ্গেই থাকছেন তিনি।
 
২০১৯ সালের অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন চুক্তিতে সই করেন লেহম্যান। ২০১৩ সালে তিনি কোচের দায়িত্ব নেন। তার অধীনে ইংল্যান্ডকে ঘরের ‍মাঠে অ্যাশেজ  সিরিজ (৫-০), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয় ও ২০১৫ বিশ্বকাপ জয় করে স্টিভেন স্মিথরা। বর্তমানে টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটেই বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া।
 
সিএ’র এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘২০১৯ অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় বছর। কোচ ও সহকারী কোচের সঙ্গে চুক্তির মাধ্যমে দলের নিশ্চয়তা ও স্থায়িত্বের দিকটি নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে অ্যাশেজ সিরিজ ও ওয়ার্ল্ডকাপ সামনে রেখে নিজেদের ভালোভাবে গড়ে তুলতে পারি।’
 
তিনি বলেন, ‘কোচের ভূমিকায় ড্যারেন (লেহম্যান) অনেক সাফল্য অর্জন করেছেন। অপেক্ষাকৃত একটি তরুণ টিমকে তিন ফরমেটের মধ্যে দু’টিতে এক নম্বরে আনার জন্য ন্যাশনাল সিলেকশন প্যানেলও কৃতিত্বের দাবিদার।’-যোগ করেন হওয়ার্ড।
 
লেহম্যান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপোর্ট ও বিশ্বাসের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং খেলোয়াড়রা আমাকে অনেক সহযোগিতা করেছে। কোচের দায়িত্বটা খুব উপভোগ করছি। মেয়াদ শেষের আগে আরো অনেক কিছু অর্জন করতে চাই। আমাদের সামনে অনেক কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। বিশেষ করে ভারতে টেস্ট সিরিজ (আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে) ও হোম অ্যাশেজ সিরিজ।’